দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয় যুবশক্তির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন, সংগঠনের নেতা হাসিন ইশরাক মিম, আজমির হোসেন, সমজিদুল মিনহাজ এবং হৃদয় হোসেন। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে রবিবার রাতে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ছেলে মো. মামুন কোতোয়ালী থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের গোর-এ-শহীদ বড় মাঠ থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে পুলিশ এবং ৩ জনকে আটক করে। পরে থানায় নেওয়ার সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও ২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আব্দুস সামাদকে অবৈধভাবে অপহরণ করে, মারপিট করে ১২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আব্দুস সামাদের ছেলে মামুন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা রুজু করলে ৫ আসামিকেই আদালতে পাঠানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মামলার ভিত্তিতে ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।