মেট্রোরেলের উত্তরা থেকে পল্লবী স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান 

মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত ৪টি স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসময় প্রায় ২৫টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করে সংস্থাটি। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

ডিএমটিসিএল জানায়, অভিযানে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশনের আশপাশে গড়ে ওঠা অবৈধ দখল, ভাসমান দোকান ও অনুমোদনহীন স্থাপনা অপসারণ করা হয়। এ সময় ২৫টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। 

এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে সতর্ক এবং স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল না করার জন্য সচেতন করা হয়। 

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলো দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে। 

অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা-পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন। 

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন-সংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।