দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বাড়ির সামনে অবস্থান নিয়েছেন ৪৮ বছর বয়সী এক নারী।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে ওই নারী এমাজুল হকের বাড়ির সামনে অবস্থান নিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ওই নারী হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাসিন্দা। এমাজুল হকের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক দেবর-ভাবির।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রায় এক বছর ধরে মোবাইল ফোনে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী বিয়ের প্রস্তাব দিলে এমাজুল হক রাজি না হওয়ায় তিনি তার বাড়ির সামনে অবস্থান শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে থানায় নিয়ে আসে। পরে দুই পরিবারের অনুরোধে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার সুযোগ দিতে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয় পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ চলছে। তবে মেয়েপক্ষের অভিভাবকদের সঙ্গে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি।
পুলিশ আরও জানায়, এমাজুল হক পেশায় কৃষক এবং তিনি এক সন্তানের বাবা। অন্যদিকে ওই নারী তিন সন্তানের জননী। বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে।