সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট (লাখাট) সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ ভারত-সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে ঘটনার সময় তিনি কী কারণে সীমান্তের ওই এলাকায় গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, “পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্ত এলাকায় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।“
এদিকে, সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত হওয়ার পর মিনহাজকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।