রাজধানীতে টানা বর্ষণে সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। রোববার ভোর থেকে সকাল পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যাহত হয়েছে যান চলাচল। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে রবিবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ মিলিমিটারে, যা জুলাই মাসের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা ধীরে ধীরে কমতে পারে।
টানা বৃষ্টিতে রাজধানীর বিজয় সরণি, কারওয়ান বাজার, ধানমন্ডি, পান্থপথ, গ্রিন রোড, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, কালশী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি থাকায় যানবাহনের গতি কমে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ফুটপাত ডুবে যাওয়ায় পথচারীদের অনেককেই মূল সড়ক দিয়ে চলাচল করতে দেখা গেছে। এ সময় চলন্ত যানবাহনের ঢেউয়ে ভিজে আরও দুর্ভোগে পড়েন তারা।
জলাবদ্ধতার প্রভাব পড়ে শিক্ষা কার্যক্রমেও। অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে না পারায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে বিঘ্ন ঘটে। এর মধ্যে মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
এদিকে, রাজধানীর বাইরে কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তবে এ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।