যশোরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোরের বাঘারপাড়ায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বাঘারপাড়ার খাজুরা তেলপাম্প সংলগ্ন ওজন স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন স্থানীয় বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অভিযুক্ত রাব্বি সম্পর্কে জানা গেছে, তিনি রুবেল হোসেনের ছোট বোনের দেবর।

নিহতের ভাই রাজিব হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে রাব্বি হোসেন ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের বুকে, পিঠে ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১১টা ৫০ মিনিটে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা বলেন, “রুবেল হোসেনকে জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যের ঘটনা উদঘাটনে তদন্ত চালাচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।