স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. মুকুল কাগজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার (১৫ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না, বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম। 

আসামি মুকুল কাগজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নং সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক কাগজীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালে আসামি মুকুল গাজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো. বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা. হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর দম্পতির কোল জুড়ে একটি পুত্র সন্তানের জন্ম হয়। এরপর থেকে জামাই হেনাকে প্রায়ই মারধর করতো। বিষয়টি ওই নারী তার বাবাকে অবগত করলে সে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে মিলে মিশে থাকার কথা বলে।

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শান্তিনগর বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করে। বিষয়টি তার ফুফুকে জানাতে বাড়ি থেকে বের হলে পেছন থেকে মাথায় ইট দিয়ে আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে সে। 

এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল বাদী হয়ে ঘটনার পরের দিন বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) বোধন চন্দ্র বিশ্বাস এ মামলার আসামি মো. মুকুল কাগজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।