প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফিরে যাতে তারা হয়রানির শিকার না হন, সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুনাম ফিরিয়ে আনতেও কাজ চলছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বিশেষ করে প্রবাসী ভাই-বোন, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের বিমান ভাড়া কমানোর পাশাপাশি দেশে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি চাই, বিমানের সুনাম আগের অবস্থানে ফিরে আসুক।’’
বিমানমন্ত্রী আরও বলেন, ‘‘গত ১৭ বছরে মানিকগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলায় একটি উন্নতমানের মন্দির নেই, বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত শ্মশানও নেই।’’
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দুটি দৃষ্টিনন্দন মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণ করা হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জ আনন্দময়ী কালিবাড়িতে রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার।