গাজীপুরের টঙ্গী উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণে জড়িত অভিযোগে ব্যক্তিকে গ্রেপ্তার এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টা থেকে ৯টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এতে মহাসড়কের উভয়পাশে বাস, ট্রাক, ভ্যান, অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়া যাত্রীদের অনেকেই বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টা থেকে ৯টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
স্থানীয় বাসিন্দা পলাশ মণ্ডল বলেন, “গত ১২ জুলাই সকাল ১০টার দিকে শিশুটিকে চিপস খাওয়ানোর কথা বলে বিপ্লব নামের এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে বিপ্লব পালিয়ে যায়।”
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, “ঘটনার পর এলাকাবাসী বিপ্লবকে আটক করলেও প্রভাবশালী একটি মহলের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়। তাদের দাবি, একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঘটনার পর থানায় অভিযোগ জানাতে গেলে তাকে ও তার শিশু কন্যাকে গভীর রাত পর্যন্ত রাখা হয় এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।”
দীর্ঘ সময় পার হলেও মামলার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, একটি শিশুর সঙ্গে এমন ঘটনার পরও যদি মামলা নিতে দেরি হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব। দ্রুত আসামিকে গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমানুর রহমান বলেন, “মামলা নিতে দেরি হয়েছে কথাটা সঠিক নয়। আমরা বৃহস্পতিবারই মামলা নিয়েছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশের কোনো গাফিলতি নেই। অভিযান অব্যাহত রয়েছে, যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”