গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) ভোররাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই নারীর অভিযুক্ত স্বামী বর্তমানে পলাতক।
নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। অভিযুক্ত স্বামী সাইদুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের স্থায়ী বাসিন্দা।
নিহতের স্বজন শামীম মিয়ার অভিযোগ, “নাসিমা আক্তারের স্বামী মাদকসেবী। নেশার টাকা আদায়ের জন্য প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।”
তিনি আরো জানান, পরে প্রায় মাসখানেক আগে নাসিমা তার আট বছরের একটি মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলেকে নিয়ে শ্রীপুরের ভাড়া বাসায় থাকতে শুরু থাকতেন। ওই এলাকারই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রবিবার প্রথম মাসের বেতন পেয়ে বাসায় যান তিনি। খবর পেয়ে ওই রাতেই তার স্বামী অভিযুক্ত সাইদুল ইসলাম বাসায় যায়। স্ত্রীর কাছে টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নাসিমা আক্তারকে এলোপাতারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় তার সন্তানরাও সামনেই ছিল বলেও জানান ওই স্বজন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা তাহসিন বলেন, “পোশাক শ্রমিক নাসিমা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাদী মোহাম্মদ বলেন, “নিহত পোশাক শ্রমিক নাসিমা আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী সাইদুল ইসলাম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



