Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিন মাসের বেতন বকেয়া! গাজীপুরে সড়কে নামলেন ক্ষুব্ধ শ্রমিকরা

প্রায় ৩০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা এই অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে প্রায় ৩০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা, পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের ভাষ্যমতে, গত জুলাই মাসের বেতনের দাবিতে তারা কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এমনকি কারখানার কয়েকটি বিভাগে দুই থেকে তিন মাসের বেতনও বকেয়া রয়েছে বলে জানান তারা। সোমবার সকালে কাজে যোগ দিয়ে ফের বেতনের দাবি তোলেন শ্রমিকরা, এবং দিনভর পরিশোধের আশ্বাস দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো বেতন না পেয়ে তারা মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন। এতে দীর্ঘ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কারখানা কর্তৃপক্ষ আলোচনা ও বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

মাওনা হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বকেয়া বেতনের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x