Tuesday, August 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফে মেশিনগান উদ্ধার, ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ রোহিঙ্গা তরুণী আটক

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাব-মেশিনগান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলিসহ এক তরুণীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া), সহকারী পুলিশ সুপার আ ম ফারুক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। আটক তরুণীর নাম সামসুন নাহার (১৮)। তিনি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা।

আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাকিরের ডেইল পাহাড় এলাকায় (কবরস্থান পাহাড়ের পাদদেশে) কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ লুকানো রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত রবিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব-মেশিনগান উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান চালিয়েও অস্ত্রটির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

একই দিন সন্ধ্যায় দ্বিতীয় অভিযানে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে তল্লাশি চালায় র‍্যাব। উপস্থিত সাক্ষীদের সহায়তায় সেখান থেকে আটক করা হয় সামসুন নাহারকে। পরে তার ঘরের শয়নকক্ষের মাচার উপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি।

উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র এবং গ্রেপ্তারকৃত তরুণীকে গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x