Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং ‘লিডার’ গ্রেপ্তার 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর ৪ টার দিকে অভিযান চালায়

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

গাজীপুরে বিদেশি অস্ত্রসহ কিশোর গ্যাং ‘লিডার’ জাহিদ হাসানকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। 

সোমবার (২৪ আগস্ট) ভোর ৪ টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন বানিয়ারচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

জাহিদ হাসান জদেবপুর থানার বাসিন্দা। এসময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, চারটি ম্যাগাজিন ও এক রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়। জাহিদের বিরুদ্ধে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আর্টিলারি ক্যাপ্টেন ইফতেখার আহমেদ জানান, গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং লিডার জাহিদ হাসান দীর্ঘদিন যাবত এলাকায় আধিপাত্য বিস্তার করে আসছিল। 

অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসতেছিল জাহিদ হাসান। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জয়দেবপুরের বানিয়ারচালা গ্রামের জাহিদ হাসানের বসত বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়ন কক্ষ হতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং পিস্তল সদৃশ একটি খেলনা এয়ার সফট পিস্তল উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ‘‘উদ্ধারকৃত বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো কোথা থেকে সে সংগ্রহ এবং কী উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখছিল, তার সাথে কারা জড়িত এসব বিষয়ে র‌্যাব কাজ করছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’’ 

   

About

Popular Links

x