কুষ্টিয়ার ভেড়ামারায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সুমন সরদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমন সরদার ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং দুই সন্তানের জনক।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে বন্ধুদের সঙ্গে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান সুমন। খেলা শেষে ভোরে বাড়ি ফিরলে দেরি করে ফেরাকে কেন্দ্র করে স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের স্ত্রী জানান, ভোর ৪টার দিকে সুমন বাড়ি ফেরেন। তিনি শুধু দেরি করে ফেরার বিষয়ে প্রশ্ন করেছিলেন। এরপর সুমন আবার বাইরে যান। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম ভাঙার পর ঘরের আড়ার সঙ্গে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
প্রতিবেশী আবদুল জলিল জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় সুমনের বাড়ি থেকে চিৎকার শুনে তিনি সেখানে যান। পরে স্বজনদের সহায়তায় সুমনকে নিচে নামানো হয়।
এদিকে, স্থানীয়দের মধ্যে কেউ কেউ দাবি করছেন, আর্জেন্টিনার পরাজয়ে অভিমান থেকেই সুমন আত্মহত্যা করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশও বিষয়টি নিশ্চিত করেনি।
সুমনের বাবা জানান, ছেলে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তিনি মাঠে কাজ করতে যান। পরে খবর পান, তার ছেলে আর বেঁচে নেই।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, “সুমন সরদারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।“