ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী

নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন (৪০) নামে এক অটোরিকশাচালককে আটক করে মারধর করেছে স্থানীয় জনতা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়

আটক আবু বক্কর সিদ্দিক সুমন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলা কোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রববার পৌরসভার এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে সুমনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে স্থানীয় বাসিন্দারা ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করেন বলে দাবি করেন।

সোমবার দুপুরে সুমন আবারও অটোরিকশা নিয়ে ওই এলাকায় এলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। এরপর তাকে আটক করে মারধর করা হয়। সময় উত্তেজিত জনতা তার সঙ্গে অপমানজনক আচরণও করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ জানান, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটির তদন্ত চলছে এবং আদালতে দোষ প্রমাণিত হওয়ার আগে তাকে আইনগতভাবে দোষী বলা যাবে না।