টানা ১১৫ দিন হরমুজ প্রণালির কাছে আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার জয়যাত্রা'র ১৭ জন নাবিক দেশে ফিরেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে, দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে নতুন ক্রর কাছে জাহাজের দায়িত্ব বুঝিয়ে দেন তারা।
বাংলার জয়যাত্রার সেকেন্ড অফিসার প্রণয় কৃষ্ণ সেন জানান, পুরো যাত্রার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ছিল হরমুজ প্রণালি অতিক্রম করা। 'আমরা সঠিকভাবে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারছিলাম না। একই সঙ্গে ইরানের ভাসমান সামুদ্রিক মাইনের আশঙ্কাও ছিল। কোনো মাইনে আঘাত করলে কয়েক মিনিটের মধ্যেই জাহাজটি ডুবে যেতে পারতো।'
একে কর্মজীবনের সবচেয়ে কঠিন যাত্রাগুলো বলেও জানান তিনি।
'বাংলার জয়যাত্রা'`র মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান জানান, প্রতিদিনই মৃত্যুভয় নিয়ে কাটাতে হয়েছে, একদিকে ড্রোন উড়ছিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্র। ১১৫ দিন ধরে এ বাস্তবতার মধ্যেই সবাইকে কাটাতে হয়েছে।
শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে নিরাপদে অতিক্রম করেন তারা। হরমুজ প্রণালিতে আটকা পড়ার পর থেকেই পুরো সময় নাবিকদের পাশে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন।
আগামী কয়েক দিনের মধ্যে বাংলার জয়যাত্রা আবারও বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে নতুন ১৭ জন নাবিক জাহাজটি যোগ দিয়েছেন। নিরাপত্তা উদ্বেগের কারণে এখনো উপসাগরীয় অঞ্চলে দেড় হাজারেরও বেশি জাহাজ আটকে রয়েছে।