রথযাত্রার মাঝেই মেট্রোরেল স্টেশনে টাইম বোমা, যা করলেন আনসার সদস্যরা

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে দুটি তাজা টাইম বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের নাশকতা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আনসার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে দায়িত্ব পালনকালে আনসার প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রোকনুজ্জামান একটি তাজা টাইম বোমা শনাক্ত করেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন।

ওই সময় স্টেশনসংলগ্ন সড়ক দিয়ে হিন্দু ধর্মাবম্বীদের রথযাত্রা অতিক্রম করছিল। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এপিসি মো. রোকনুজ্জামান ও আনসার সদস্য মোহাম্মদ আশরাফুল দ্রুত সাধারণ মানুষ এবং রথযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করেন। পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেন। তাদের তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় নিরাপত্তা নিশ্চিত হয় এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়।

খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষের আহ্বানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে প্রথম টাইম বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করে।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকায় তল্লাশি চালিয়ে আরও একটি তাজা টাইম বোমা উদ্ধার করা হয়। দ্বিতীয় বোমাটিও বিশেষজ্ঞ দল নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সদস্যদের দ্রুত সিদ্ধান্ত, দায়িত্বশীলতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যকর সমন্বয়ের ফলে সম্ভাব্য একটি নাশকতামূলক ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি।