রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক নিরীহ পথচারী। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী এক সন্দেহভাজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কাফরুল থানা যুবদলের কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ পথচারীর নাম সালাম। তিনি ভ্যানে করে সবজি বিক্রি করেন। তার বাড়ি পিরোজপুরে। এক সপ্তাহ আগে জীবিকার তাগিদে তিনি ঢাকায় এসেছিলেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। অপর আহত সালাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ ৭ থেকে ৮ জন স্থানীয় ব্যক্তি ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী সেখানে এসে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইউসুফ দুটি গুলিবিদ্ধ হন। এ সময় পথচারী সালামও গুলিবিদ্ধ হন।
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের একজনকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাফরুল থানা-পুলিশ যৌথভাবে তদন্ত করছে।