কোটি কোটি বছর আগে পা ছিল সাপের!

ভাবুন তো, কেমন হতো, যদি দেখতেন দুই বা চারটি পা নিয়ে মানুষের মতো করে দৌড়াচ্ছে সাপ! আদতে তা অসম্ভব মনে হলেও বিজ্ঞানীদের ভাষ্য, সাপের পা ছিলো, কিন্তু তা কোটি কোটি বছর আগে!

সাপের বেশ কিছু জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে এক প্রতিবেদনে বলছে বিবিসি।

“নেচার” ও “সায়েন্টিফিক আমেরিকান”-এর মতো জার্নালেও নাকি এ ধরনের তথ্য প্রকাশিত হয়েছে!

“সায়েন্স অ্যাডভান্সেস” জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, আর্জেন্টিনায় “নাজাশ রিয়োনেগ্রিনা” নামের একটি প্রাচীন বা পুরোনো সাপের জীবাশ্ম থেকে পাওয়া গেছে। যেখানে দেখা গেছে, সাপটি প্রায় একশ মিলিয়ন বা ১০ কোটি বছর আগে পৃথিবীতে বাস করতো এবং এর পেছনের পা দুটি ছোট কিন্তু স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

বিবিসির প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রায় ১২০ মিলিয়ন বা ১২ কোটি বছর আগে “টেট্রাপোডোফিস” নামের সরীসৃপটির চারটি পা ছিল। যদিও এই জীবাশ্মটি কোনো প্রাচীন টিকটিকি নাকি সাপের সেটি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে।

শুধু ফসিল বা জীবাশ্মের প্রমাণই নয়,  বরং জেনেটিক বা বংশগতিবিদ্যার গবেষণায়ও প্রমাণিত হয়েছে, একসময় সাপের পা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে যা বিলুপ্ত হয়ে গেছে।

২০১৬ সালে সাপের ভ্রূণের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে, আধুনিক সাপের শরীরে পা গজানোর জন্য এখনো প্রয়োজনীয় কিছু জেনেটিক কোষ রয়ে গেছে।

তবে এই গবেষণাগুলোতে দেখা যায়, যেভাবে এই জিনগুলো টিকটিকির দেহে কাজ করে, সাপের দেহে সেগুলো এখন আর সেভাবে সক্রিয় নেই।