মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানে এক চা শ্রমিকের বসতঘরের কাপড়ের আলনা থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চা শ্রমিক সুরেশ নায়েকের বসতঘর থেকে এ সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে সুরেশ নায়েক তার বসতঘরের কাপড়ের আলনায় কিছু একটা দেখতে পান।
কাছে গিয়ে একটি সাপ দেখতে পেয়ে পরিবারের সবাই আতঙ্কে চিৎকার করে ঘর থেকে বাইরে চলে আসেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে যান। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, কাপড়ের আলনায় কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি পদ্ম গোখরা সাপ, যা অত্যন্ত প্রাণঘাতী ও বিষধর। পরবর্তীতে তাদের দক্ষ প্রচেষ্টায় সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, “উদ্ধারকৃত বিষধর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে । জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিষধর সাপ উদ্ধারের ঘটনায় পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।”



