ঢামেকের জরুরি বিভাগের কাছে পড়ে ছিল ২ নারীর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের একজনের বয়স আনুমানিক ৬০ বছর এবং অন্যজনের বয়স ৫৮ বছর। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, সকালে হাসপাতালের জরুরি বিভাগের কাছে তাদের পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। 

পরে ক্যাম্প পুলিশের সহায়তায় উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মরদেহ পাওয়া দুই নারীই ভবঘুরে প্রকৃতির। অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হতে পারে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,বর্তমানে তাদের মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।