রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে এক পথচারী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত মিরাজ আহমেদ (৩৩) কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিরাজ আহমেদ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। রাতে বাসায় ফেরার পথে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় বিস্ফোরণের স্প্লিন্টার এসে তার বাম চোখের নিচে আঘাত করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্প্লিন্টারের আঘাতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে এবং বর্তমানে হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এর আগে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে রাখা বোমা সদৃশ কয়েকটি বস্তু নিষ্ক্রিয় করতে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। অভিযান চলাকালে বিকট বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল ঘিরে রেখে পুলিশ তদন্ত ও আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।



