রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, ‘‘আমি ঘটনাস্থলে আছি। হতাহতের সংখ্যা পরে জানাব।’’
নিহতের নাম নাছিমা বেগম, তিনি মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা বলে জানা যায়।
নাসিমার স্বজন তারেক বলেন, ‘‘নাসিমা আমার পাশের বাসায় থাকেন। তিনি দেয়াল ধসে পড়ে মারা গেছেন।’’
প্রত্যক্ষদর্শী শাকিব বলেন, ‘‘টিসিবির পণ্য নিতে অনেকে লাইন ধরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে দেয়াল ধস পড়তে দেখে আমি দৌড়ে যাই। এ সময় দেয়াল চাপা পড়ে ৭ থেকে ৮ জন আহত হন। এরমধ্যে মুখ তেঁতলানো ও পা ভেঙে যাওয়া এক নারীকে দেখতে পাই।’’