Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

আগুনে পুড়ে ৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি, তদন্ত করছে পুলিশ  

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কোমানি (সাবেক কুইন্সটাউন) সংলগ্ন সমো এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সকলের বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসী সূত্র জানায়, ওই দোকানের ভেতর অবস্থিত একটি আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাতের গভীরে হঠাৎ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ৬ জন ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা গুরুতর দগ্ধ অবস্থায় অপর একজনকে উদ্ধার করে দ্রুত কুইন্সটাউন হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ৬ জনের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন তাদের সহকর্মীরা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সুদূর দক্ষিণ আফ্রিকায় একসাথে ৬ প্রবাসীর এমন করুণ মৃত্যুর খবরে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের মাতম চলছে। বিভিন্ন প্রবাসী সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের অক্টোবরে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে এক দোকানে আগুনে ফেনীর দাগনভূঞার চারজন এবং ২০২৪ সালের অক্টোবরে কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুনে আরও দুই বাংলাদেশি মারা যান।

   

About

Popular Links

x