গ্রীষ্মকালীন দলবদলে দল পুনর্গঠনে বড় ধাক্কা খাওয়ার পর এবার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে দলে ভিড়াতে মরিয়া হয়ে উঠেছে আর্সেনাল। সম্প্রতি মরগান রজার্সকে দলে নেওয়ার দৌড়ে নগর প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে পিছিয়ে পড়ার পর লন্ডনের এই ক্লাবটি একজন বিশ্বমানের তারকা খেলোয়াড় সাইন করানোর বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে, যেখানে তাদের মূল লক্ষ্য ভিনিসিউস।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইভনিং স্ট্যান্ডার্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিউসকে সান্টিয়াগো বার্নাব্যু ছাড়াতে রেকর্ড অংকের পারিশ্রমিকের আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্সেনাল। তবে যদিও এখন পর্যন্ত রিয়ালের টেবিলে তারা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়নি।
এই চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হতে পারে ভিনিসিউসের চড়া বেতনের দাবি। বর্তমানে রিয়ালে সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড আয় করা এই ২৫ বছর বয়সী উইঙ্গার নতুন চুক্তিতে আরও বড় অংকের পারিশ্রমিক চাইছেন।
২০১৮ সাল থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা এই ব্রাজিলীয় ফরোয়ার্ডের চুক্তির মেয়াদ আর মাত্র ১২ মাস বাকি। গত মৌসুমে দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলেও রিয়াল এখনো তাঁকে দীর্ঘমেয়াদে রেখে দিতে প্রস্তুত। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত প্রাক-মৌসুম অনুশীলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভিনিসিউস। চলতি মাসের শেষ দিকে ভালদেবেবাসে ক্লাবের অনুশীলনে ফেরার কথা থাকলেও নতুন চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি মাঠে নামবেন না বলে জানা গেছে।
তবে আর্সেনালের আগ্রহ থাকা সত্ত্বেও ভিনিসিউসের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়া। ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকার আর্থিক দাবি এবং রিয়ালের প্রস্তাবিত অঙ্কের মধ্যে তফাত খুব একটা বেশি নয়। আগামী কয়েকদিনের মধ্যে দুই পক্ষের আলোচনার টেবিলে সমঝোতা হয়ে গেলে আর্সেনালের আশা গুড়ে বালি হতে পারে।



