তাবলীগ জামাত সদস্যর টাকা নিয়ে উধাও এক সাথী

ঢাকার ধামরাইয়ে তাবলীগ জামাতে সফররত এক সদস্যর নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের রাজিব (২১) নামে আরেক সদস্যের বিরুদ্ধে।

রবিবার (২ আগস্ট) এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান।

লিখিত অভিযোগে অভিযুক্তের নাম রাজিব উল্লেখ করা হয়েছে। তার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামে।

অভিযোগকারী মোহাম্মদ জাহিদ হাসান জানান, রাজিব তাদের সঙ্গে প্রথমে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরে ২০ দিনের সফরের জন্য তারা একসঙ্গে ধামরাইয়ে আসেন। গত শুক্রবার তারা ধামরাইয়ে পৌঁছান। একসঙ্গে থাকার পর শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে রাজিব চলে যান।

জাহিদ আরও জানান, রাজিব চলে যাওয়ার সময় তার মোবাইল ফোনের সিম কার্ড সঙ্গে নিয়ে যান। ওই সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেস করেন। এরপর ’নগদ’ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে দেখেন, তার হিসাব থেকে ২,৯৫০ টাকা ‘সেন্ড মানি’ করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। পরে একই নম্বরে ৪৫ টাকা মোবাইল রিচার্জও করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার অ্যাকাউন্টে প্রায় ৩,০০০ টাকা ছিল। অ্যাকাউন্টে প্রবেশ করে তিনি মাত্র ৩ টাকা ব্যালেন্স দেখেন। লেনদেনের ইতিহাসে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য পান। এ ছাড়া তার ব্যাগে থাকা প্রায় ১০,৪০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”