বালুর বস্তায় লুকানো ছিল বোমাসদৃশ বস্তু! বরিশালে আগুনে দগ্ধ ৩ প্রাণ

বরিশালের বাকেরগঞ্জে একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর আকস্মিক বিস্ফোরণে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৩ জন একজন নারী, তার মেয়ে ও নাতি। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। বাড়ির আঙিনায় রাখা বালুভর্তি একটি বস্তার ভেতরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সে সময় আশপাশে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম আগুনের শিখায় দগ্ধ হন।

শরীরে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল তালুকদার জানান, বালুর বস্তার ভেতরে থাকা বোমার মতো বস্তুটি হঠাৎ বিস্ফোরিত হলে তার মা, বোন ও ভাগনে দগ্ধ হন। তবে ওই বিস্ফোরক বস্তুটি কোথা থেকে এলো বা কীভাবে সেখানে রাখা হলো, সে বিষয়ে পরিবারের কারও কোনো ধারণা নেই বলে তিনি জানান।

ঘটনার খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ব্যবহৃত বিস্ফোরকের ধরন ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।