গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও আব্দুল হালিম খান।
জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দায়িত্বের অবহেলার অভিযোগ রয়েছে। সোমবার সকালে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান ডিসি। সেখানে সরকারি দাপ্তরিক কাজ বাইরের লোকজন বা দালালদের মাধ্যমে করা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, সেবা গ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়াসহ একাধিক অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ওই চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডিসি বলেন, “কাশিমপুর ভূমি অফিসে যারা আছেন, তারা কাজের উপযুক্ত নন। তারা কোনো কাজই নিয়ম মেনে করছেন না। এছাড়াও তাদের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের অভিযোগ রয়েছে। অভিযোগের আলোকে কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যাখা চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেননি। কোনো কাগজপত্র দেখাতে বা নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেননি। এসব কারণে ওই ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”