মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বাড়ির গেট লক্ষ্য করে পেট্রোল বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে একটি দাহ্য বস্তু নিক্ষেপ করা হয়। এতে গেটে আগুন ধরে গেলেও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা ব্যবহৃত বস্তুটি সত্যিই পেট্রোল বোমা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, "ঘটনাটি আমরা তদন্ত করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।"