রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাজিব (২২), মো. মেহেদী হাসান (২৮) এবং ১৮ বছরের কম বয়সী আরও দুজন।
ডিএমপির তথ্যমতে, মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চক্রটির সদস্যরা পথচারীদের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিল।
খবর পেয়ে মিরপুর মডেল থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।