সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে হাতকড়া পরা ছবির মাধ্যমে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে মনির খানের (৪৮) মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর একটি হত্যা মামলায় মনির খান ও তার স্ত্রী সালমা জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রায় ১১ মাস ধরে কারাবন্দী ছিলেন তিনি। তবে তার স্ত্রী তিন মামলায় ছয় মাস কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন।
গত ৯ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়ার হয়।
পরে ১৪ জুন তাকে ঢামেক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি করা হয়। এর দুই দিন পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দেড় মাসেরও বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় তার।