দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও ফোনসহ মূল্যবান কাপড়চোপড় লুটে নেয়। তার এক ছেলে ও তিন মেয়ের স্বামী সৌদি প্রবাসী হওয়ায় ওইসব স্বর্ণালঙ্কার ও টাকাসহ মূল্যবান মালামাল ওই বাড়িতে ছিল।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া (মোল্লা বাড়ি) গ্রামে আব্দুস সামাদ মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

সামাদ মোল্লার স্ত্রী সুরাইয়া বেগম বলেন, “রাত ২টার দিকে হঠাৎ ঘরের বাইরে থেকে বিকট শব্দ শুনতে পাই। ঘরের দরজা ঢেঁকি দিয়ে ভেঙে মুখোশ পরিহিত চার ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরের বাইরে কতজন ডাকাত পাহারায় ছিল তা জানিনা। ডাকাতরা দা ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে। ডাকাতরা হুমকি দিয়ে বলে, স্বর্ণালঙ্কার না দিলে নাতনি ফাহাদ ও তাসনিয়াকে তুলে নিয়ে যাবে। পরে ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও ফোনসহ মূল্যবান কাপড়চোপড় নিয়ে চলে যায়।”

গৃহকর্তা আব্দুস সামাদ মোল্লা বলেন, “শুক্রবার পাশের বাড়িতে একটি বিয়ের দাওয়াত ছিল। এ জন্য আমার তিন মেয়ে তাদের ছেলে-মেয়েদেরকে নিয়ে এখানে বেড়াতে আসে। আমার মেয়ে মুক্তা বেগমের সাত ভরি, অপর মেয়ে সাদিয়া আক্তারের সাত ভরি ও ছোট মেয়ে সাথি আক্তারের তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনসহ মূল্যবান মালামাল ডাকাতরা লুটে নেয়। লুটে নেওয়া ১৭ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্যে প্রায় ৩৮ লাখ টাকা।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “সকাল ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখতে পাই পাঁচুলটিয়া (মোল্লা বাড়ি) গ্রামের আব্দুস সামাদ মোল্লার বাড়িতে ডাকাতি হয়েছে। সকালে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”