দিনাজপুরের পাবর্তীপুর থেকে লালমনিরহাট জেলার বুড়িমারীগামী লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে রংপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৮ আগস্ট) সকাল পৌনে ১০ টায় রংপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে স্টেশন সুপার আব্দুল্লা আল মামুন। তবে ২ ঘণ্টা পর দুপুর ১২ টার দিকে বিকল্প উপায়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশন সুত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেন রংপুর রেলওয়ে স্টেশনে আসে সকাল ৯ টা ৩৫ মিনিটে। ১০ মিনিট অবস্থান করার পর সকাল পৌনে ১০ টার দিকে ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবার সময় বাবুপাড়া রেলগেটের কাছে ট্রেনটির ইজ্ঞিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আতংকে যাত্রীরা ট্রেন থেকে লাফ দিতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়।
এ বিষয়ে রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা আফজাল হোসেন জানান, ট্রেনটি ২ নম্বর লাইনে লাইনচ্যুত হয়। ফলে ১ নং লাইনে সমস্যা না থাকলেও বেলা সাড়ে ১১ টা পর্যন্ত লালমনিরহাট ও পাবর্তীপুর থেকে আসা ২টি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে লাইনচ্যুত ইজ্ঞিনটি সরিয়ে ৩ সং লাইনে নেওয়া হয়। পরে দুপুর ১২ টায় বিকল্প উপায়ে ১ ও ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।
রংপুর রেলওয়ে স্টেশনের ষ্টেশন সুপার আব্দুল্লা আল মামুন জানান বিকল্প উপায়ে ট্রেন চলাচল ২ ঘন্টা পর শুরু করা হয়েছে। লাইনচ্যুত ইজ্ঞিনটি উদ্ধারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কার্যালয় থেকে রিলিফ ট্রেন আসছে সেটি এলেই লাইনচ্যুত ইজ্ঞিনটি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।