শহীদ মিনার থেকে নিখোঁজ কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শহীদ মিনারের মূল স্তম্ভ থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) সকালে জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন একটি মাঠে অবস্থিত শহীদ মিনার থেকে সিহাব মিয়ার মরদেহ উদ্ধাারের খবর জানান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।

সিহাব (১৬) মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে।

সে সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে থাকত এবং বাসস্ট্যান্ডের কাঁচাবাজারে মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।

স্থানীয়রা বলছেন, সিহাব শনিবার ছুটি নিয়ে কর্মস্থলে যায়নি। ওই দিন রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শহীদ মিনারের মূল স্তম্ভে সিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

ওসি মনির হোসেন বলেন, “তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”