ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেসারকুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করেন তারা। এসময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, “গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ কসটেপ মোড়ানো একটি প্রেসার কুকার দেখতে পান। পরে স্থানীয়রা লোকজন ড্রাম থেকে বোমা সদৃশ প্রেসার কুকারটি মসজিদের মাঠে রেখে দেয়।”
স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যান। এরপর দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম ডিস্পোজাল ইউনিট।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, “অনেক আগেই আমাদেরকে ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিলো। ৫০০ মিটারের বেশি দূর হবে। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া দেখি।”
ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। তবে কে বা কারা এ ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।