মামলা না নেওয়ার অভিযোগ, ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আদালতের নির্দেশের পর পুলিশ বিভাগের গঠিত কমিটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান ও ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, “গত বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রবিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।”

এর আগে, গত ৯ আগস্ট ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান দাগনভূঞা থানার ওসিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দেন। একইসঙ্গে পৃথক দুটি ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন ডিআইও-১ মুহাম্মদ রশীদ ও পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক (ক্রাইম) হায়দার।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আদালত যেসব বিষয় উল্লেখ করেছেন, সেগুলো যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।”

ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি পুলিশের দাপ্তরিক বিষয়। আদালত যে বিষয়গুলো উল্লেখ করেছেন, সেগুলো খতিয়ে দেখা হবে। পরবর্তী পদক্ষেপ দাপ্তরিক বিধি অনুযায়ী নেওয়া হবে।”