চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে আলফা অ্যাংকরেজে নোঙর করার চেষ্টাকালে সিমেন্ট তৈরির কাঁচামাল বহনকারী 'এমভি আনাসসা' নামের একটি জাহাজ সেখানে আগে থেকে নোঙর করে রাখা 'এমভি জাহান জাহাব' নামের অপর একটি জাহাজকে ধাক্কা দেয়।
বন্দর সূত্রের বরাতে জানা গেছে, বহির্নোঙরে প্রবল স্রোতের কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে 'এমভি আনাসসা' জাহাজের বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও কোনো জাহাজের ভেতরেই পানি প্রবেশ করেনি। পরবর্তীতে উভয় জাহাজকে নিরাপদে আলাদা করে পুনর্নোঙর করা হয়েছে। বর্তমানে বহির্নোঙরে নৌযান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। দুই জাহাজে থাকা মোট ২১ জন নাবিকের সবাই নিরাপদে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 'এমভি আনাসসা' জাহাজটি প্রায় ৩৫ হাজার টন সিমেন্ট তৈরির কাঁচামাল (স্ল্যাগ) নিয়ে নোঙর করছিল। অন্যদিকে 'এমভি জাহান জাহাব' জাহাজটি গত ২৬ জুলাই মোংলা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে এবং পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার বহির্নোঙরে ডিজেলবাহী ট্যাংকার 'এমটি সি স্পাইক' নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার 'এমভি সান শাইন'-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়। মাত্র কয়েক দিনের ব্যবধানে বহির্নোঙরে এটি দ্বিতীয় জাহাজ দুর্ঘটনার ঘটনা।