নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ভবনে থাকা প্রায় ২০ জনের বেশি মানুষ ভবনের ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিস ভবনের ছাদে থাকা ২০ জন ও ভেতরে থাকা ১৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
আগুনে ওই ভবনের নিচতলা, গোডাউন ও দ্বিতীয় তলার প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ওয়ালটন কোম্পানির শোরুম ও বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বসুরহাট বাজারের শাহজালাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহজালাল মার্কেটের নিচতলার একটি প্লাস্টিকের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ভবনের ছাদে থাকা ২০ জন ও ভেতরে থাকা ১৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এই কোম্পানীগঞ্জ ও কবিরহাটের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ভবনের ছাদে আটকে থাকা ২০ জন ও ভবনের ভেতরে থাকা আরও ১৫ জন মানুষকে নিরাপদে উদ্ধার করে। ভবনের নিচে থাকা একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।