স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে গিয়ে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে এসে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ির মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করেছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত হাফিজ উদ্দিন নামে (৫০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (উত্তরপাড়া) গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় ভাড়া থাকতেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারোগারচালা) এলাকার মনির হোসেনের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ফিরোজ মিয়া (৩০) ও তার সহযোগীরা পালিয়ে যায়।

অভিযুক্তরা হলো, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের স্থায়ী বাসিন্দা ফিরোজ মিয়া (৩০)। সে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় কর্মরত আছে।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের নারী ভাড়াটিয়ারা জানান, ফিরোজ মিয়া তার স্ত্রী সুরাইয়া বেগম (২৫) ও তার তিন বছরের একমাত্র ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে দারোগারচালা এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকে। ওই বাড়িতেই ফিরোজ মিয়ার ভাই, চাচা ও উকিল বাবা পাশের কক্ষগুলোতে ভাড়া থাকেন। ফিরোজ মিয়ার স্ত্রী সুরাইয়া তার কর্মস্থল ইয়াসমিন স্পিনিং মিলস লিমিটেড কারখানা থেকে বিকেলে অসুস্থতার ছুটি নিয়ে বাসায় চলে আসে। রাতে ফিরোজ মিয়া বাসায় আসলে তাদের (স্বামী-স্ত্রীর) মাধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।

খবর পেয়ে সুরাইয়ার বাবা হাফিজ উদ্দিন সলিং মোড়ের ভাড়া বাসা থেকে রাত ১১ টার দিকে তার মেয়ের ভাড়া বাসায় আসেন। বাবার সামনেই মেয়েকে মারধর করে তার জামাই। পরে মেয়ের জামাই ফিরোজ মিয়া, তার ভাই, চাচা ও উকিল বাবার সাথে শ্বশুর হাফিজ উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ের জামাই ফিরোজ মিয়া ও তার স্বজনেরা শ্বশুর হাফিজ উদ্দিনকে এলাপাতাড়ি মারধর করতে থাকে। মারতে মারতে তারা হাফিজ উদ্দিনকে বাড়ির বাইরে সড়কের ওপর নিয়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহত হাফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।