রাজধানীতে মোটরসাইকেল চুরির বড় চক্রের সন্ধান, ৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. সজিব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এসব মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।