১৭ ঘণ্টা নিখোঁজ, ভোরে বাড়ির পুকুরে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত () নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বাড়ির পুকুর থেকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়ার পর আজ শুক্রবার ভোর ৫টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের ঈদগাহর পশ্চিম পাশে মোজাফফর বাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়। ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

নিহত আয়াত ওই বাড়ির শেখ শাহাব সজিব জান্নাতুল ফেরদাউস মনির কন্যা। স্বজনরা জানান, সজিব মনি স্বামী-স্ত্রীর পাশাপাশি আপন চাচাতো ভাই-বোনও।

পুলিশ, এলাকাবাসী নিহত শিশুর স্বজনদের ভাষ্যমতে, পাঁচ বছর আগে শেখ মুজিবের ছেলে সজিবের সঙ্গে বিয়ে হয় তার ভাই শেখ আলীর কন্যা মনির। বিয়ের এক বছরের মাথায়, অর্থাৎ চার বছর আগে সজিব চলে যান সৌদি আরবে। এর কিছুদিন পর শ্বশুর-শাশুড়ি স্ত্রী শিশু কন্যাকে ঘর থেকে বের করে দেন বলে জানা যায়। এরপর মনি মেয়েকে নিয়ে ওঠেন বাবার বাড়িতে।

স্বজনদের দাবি, কয়েক দিন আগে শিশুর দাদা, দাদি, ফুফু চাচারা তাকে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। শিশুর মায়ের অভিযোগের পর স্থানীয় সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন খোকনের মধ্যস্থতায় শিশুটিকে মায়ের কাছে ফেরত দেওয়া হয়।

শিশুর মায়ের অভিযোগ, আগামী সেপ্টেম্বরে সৌদি আরব থেকে সজিবের দেশে ফেরার কথা রয়েছে। তার দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাদের বিচ্ছেদ চান, আর শিশুটি বেঁচে থাকলে সেই বিচ্ছেদ নাও হতে পারে কারণেই তাকে সরিয়ে দেওয়ার আশঙ্কা করছেন তিনি।

ঘটনার দিন দুপুর ১২টার দিকে মনি মেয়ে আয়াতকে দাদির কাছে রেখে নিজের বাবার ঘরে গৃহস্থালির কাজ করছিলেন। দুপুর ১টার দিকে দাদি নামাজ পড়তে গেলে শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর দুপুর দেড়টার দিকে দাদা শেখ মুজিব বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। শিশুটিকে না পেয়ে রাতে মনি বাদী হয়ে দাদাসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রাত ১২টার দিকে এসআই তপুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে তদন্তে যায়।

আজ ভোর ৫টার দিকে শিশুর ফুফু রুমি আক্তার বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে বাড়ির লোকজন মরদেহ উদ্ধার করেন। দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ আসর জানাজা সম্পন্ন করে শিশুটিকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, “ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“