খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সালাউদ্দিন আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিন আরিফ ওই এলাকার বাসিন্দা। তার এক সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে কয়েক মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি অনুষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে চলে যান আরিফ। পরবর্তীতে বাবার ঘরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ও পরিবারের সদস্যরা ধারণা করছেন, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরিফের বাবা মিছির আলী গণমাধ্যমকে জানান, ছেলে তার স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুনপাড়ায় বসবাস করত। দাদির মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে সে তিনটহরীতে আসে। কুলখানির দিনই এমন ঘটনা ঘটবে, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান।
মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



