ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভেসে যাচ্ছিল গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর মরদেহ। শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান।
এর আগে, শুক্রবার দিনগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ছাহেরা খাতুন ধামরাইয়ের হাজীপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা, সে একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘‘বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসী বাঁধা মরদেহটি উদ্ধার করে।’’
শনিবার সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।