চট্টগ্রাম নগরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার বাসার ড্রয়িংরুমে গুলি চালান তিনি।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহত ব্যক্তির নাম শাহিদ হোসেন (৪৫)। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন তিনি।
নিহতের স্ত্রী শারমিন জানান, তার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থও ছিলেন না। তিনি আগে ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর তিনি চাকরি ছেড়ে দেন। পিস্তলটি কোথা থেকে তার কাছে এসেছে, সে বিষয়ে নিশ্চিত নন তার স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, সকালে বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ। গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়। পরে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।



