আইনমন্ত্রী: রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকেই পদক্ষেপ নিতে হবে

রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে এর সমাধানে দেশটিকেই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  

রবিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বিষয়টি যুক্তরাষ্ট্র ও চীনকে বুঝতে হবে। একই সঙ্গে বাংলাদেশেরও বিষয়টি অনুধাবন করা প্রয়োজন। কারণ, সবার আগে বাংলাদেশের ভূখণ্ড ও স্বার্থের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। 

তিনি আরও বলেন, ‘‘মানবিকতা ও মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা যখন নিজ দেশে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছিলেন, তখন বাংলাদেশ সাংবিধানিক দায়িত্ববোধ থেকে মানবিকভাবে তাদের পাশে দাঁড়িয়েছে।’’ 

বাংলাদেশ রোহিঙ্গাদের মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘‘তবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা একটি বড় বিষয়। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, এমনকি তারা এই ভূখণ্ডের জনগোষ্ঠীও নন। রোহিঙ্গাদের নিজ দেশে মানবাধিকার নিশ্চিত করতে হবে। তারা যেন তাদের মাতৃভূমিতে সম্মানের সঙ্গে ফিরে যেতে পারেন, সেটিই বাংলাদেশের প্রত্যাশা।’’ 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিয়ানমারের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। বক্তব্য রাখেন, নীতি গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. শাকিল আহমেদ, অধ্যাপক ড. ইসরাত জাকিয়া সুলতানা, রোহিঙ্গা নারী অধিকারকর্মী জিয়া সুলতানা, সাংবাদিক পরিমল পালমা প্রমুখ।