সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি সড়কে ঘটেছে, তাই বিষয়টি হাইওয়ে পুলিশ দেখবে। তবে সোহাগ পরিবহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলছে।
দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে।
ঘটনার খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানাকে জানানো হয়েছে।