পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এই হামলায় পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ জন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)। আহত শ্রমিকদের অভিযোগ, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭-৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।
শ্রমিকদের ভাষ্যমতে, মঙ্গলবার সকাল ১১টা থেকে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও কয়েকজন শ্রমিক তখনও বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
শ্রমিকদের অভিযোগ, বিকেল ৫টার দিকে যুবদল নেতা তপন মৃধার নেতৃত্বে ৭-৮ জন সেখানে গিয়ে হঠাৎ হামলা চালান, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা। তিনি জানান, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন এবং মারধরের ঘটনা শোনার পরই তিনি সেখানে যান। প্রশাসন যদি তাকে জড়িত মনে করে, তাহলে তিনি দায় নিতে প্রস্তুত বলে জানান, তবে কারা প্রকৃতপক্ষে মারধরে জড়িত ছিল তা তার জানা নেই বলে দাবি করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।