মাসকাটে আটকে রাখা সেই বিমানটি বাংলাদেশের পথে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর পর দীর্ঘ সময় মাসকাট বিমানবন্দরে আটকে থাকা উড়োজাহাজটি অবশেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। মৃত যাত্রীর মরদেহ উড়োজাহাজ থেকে নামিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি চট্টগ্রামের পথে যাত্রা করে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজি-১৩৬ ফ্লাইটটি কলকাতার আকাশে অবস্থান করছিল।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটটি মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের পর ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসার জন্য ফ্লাইটটি মাসকাট বিমানবন্দরে অবতরণ করানো হয়।

পরে বিমানবন্দরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করা হয়। তার মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর উদ্যোগ নেওয়া হলেও ওমানের স্থানীয় আইন অনুযায়ী এ জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতির প্রয়োজন ছিল। অনুমতি না পাওয়ায় দীর্ঘ সময় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রাখা হয়। এতে ফ্লাইটটির পরবর্তী যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়ার পর মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হয়। মরদেহটি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে চট্টগ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের পর উড়োজাহাজটি আবার ঢাকার উদ্দেশে যাওয়ার কথা রয়েছে।

বিজি-১৩৬ ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজটির নিবন্ধন নম্বর এস২-এএফপি। মাসকাট বিমানবন্দরে দীর্ঘ সময় ফ্লাইটটি আটকে থাকায় উড়োজাহাজের অন্যান্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।