ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ ৫ জনের মৃত্যু

ঝিনাইদহে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় দুই দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ট্রেনে কাটা পড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

এর মধ্যে ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় সেনাসদস্য সোহেল কাজী (৩৫) তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮) নিহত হয়েছেন।

বেলা ১১টার দিকে শহরের বাইপাসের ভুটিয়ারগাতি গ্যাস ডিপো এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল কাজী নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সোহেল তার স্ত্রী তুলিকে নিয়ে মোটরসাইকেলে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একটি পাশের রাস্তা থেকে আসা রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন তারা।

ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত সোহেলকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেলের স্ত্রী ঘটনাস্থলেই এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, সকালে শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গবাদিপশুর জন্য ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) তার স্ত্রী মিনা ভৌমিক (৬০) মারা গেছেন।

প্রতিবেশীরা জানান, সকালে অমরেন্দ্র নাথ গবাদিপশুর জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন। সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী মিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জোহা জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বজনরা দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছাড়া বেলা পৌনে ১১টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের পয়েন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শেখ শাজাহান আলী জানান, সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।