Wednesday, August 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে আগুনে নিহত ৯ জনের মরদেহ আসছে বৃহস্পতিবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে  

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:১৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে আনা হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করেছে। পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ ফ্লাইটে তাদের মরদেহ আগামী বৃহস্পতিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।  

সৌদি দূতাবাসের পাঠানো তালিকায় পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন - আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরবে পাঠানো হয়েছে। মরদেহগুলো বিনা খরচে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হওয়া আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে আসছে।”

   

About

Popular Links

x